[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেরপুরে একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড

প্রকাশঃ
অ+ অ-

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি শেরপুর: শেরপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভান্ডারকক্ষে (স্টোররুমে) এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোট গ্রহণের ঠিক আগের দিন এমন ঘটনা নাশকতা কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ছয়টার দিকে বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভান্ডারকক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়টির ভান্ডারকক্ষে থাকা কয়েকটি বেঞ্চ ও ঠিকাদারের ব্যবহৃত মালামাল পুড়ে গেছে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, সকালে বিদ্যালয়ের পাশে মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন তিনি। নামাজ শেষে আগুন লাগার কথা শুনে বের হয়ে দেখেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁরা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন একটি কক্ষের বাইরে কোথাও ছড়াতে পারেনি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক  বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন