[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ঈশ্বরদী উপজেলার ছলিমপুরের বাবুলচারা গ্রামের জিয়া শাহ ও মজিবর শাহ, শাহজাহান শাহ, আতু শাহ, সেন্টু শাহ ও ইয়ারুল শাহ। মামলার আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খেতের মধ্যেই উপজেলার বাবুলচারা গ্রামের সিদ্দিকুর রহমান শাহের ছেলে সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে দুজনের মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি পুলিশ ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটির দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী সাইদুর রহমান। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামীপক্ষের আইনজীবী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন