খালেদা জিয়ার থাকার কথা কারাগারে: তথ্যমন্ত্রী
![]() |
| তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বাসস, ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার থাকার কথা কারাগারে, বাইরে থাকার কথা নয়। তিনি শাস্তিপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী সাজা স্থগিত রেখে বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন।
বুধবার সচিবালয়ে ‘কনফেডারেশন অব ফিল্ম, টিভি অ্যান্ড ডিজিটাল মিডিয়া প্রফেশনালস’ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাঁর (খালেদা) সঙ্গে নিয়মিত দেখা করেন, যোগাযোগ করেন এবং তাঁর দলের নেতারাও যান। এটি শেখ হাসিনার একটি বড় মহানুভবতা। মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতাদের শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। ওনারা বুঝি সেটি টের পাচ্ছেন না যে প্রধানমন্ত্রী কী রকম মহানুভবতা দেখিয়েছেন। তাঁকে বাইরে থাকার ব্যবস্থাটা যদি বাতিল করা হয়, তখন সম্ভবত তাঁরা টের পাবেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকলে শেখ হাসিনার প্রতি মহানুভবতা দেখাতেন না। যেখানে তাঁর বাড়ির সামনে গিয়ে শেখ হাসিনা দাঁড়িয়ে থাকার পর দরজা খোলেননি, যেখানে ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও তিনি কেক কাটেন, যেখানে ২০০৪ সালে গ্রেনেড হামলার পর সেটা নিয়ে হাস্যরস করেন, সেখানে খালেদা জিয়া এ ধরনের সহানুভূতি দেখাতেন না, সেটা খুবই স্পষ্ট।’
বিদেশে দেশবিরোধী প্রচারণা নিয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে বিএনপির “পেইড এজেন্টরা” নানা গুজব ছড়াচ্ছে। কয়েক দিন আগে গুজব ছড়িয়েছিল যে ব্যাংকে টাকা নেই, এ জন্য হুড়মুড় করে ব্যাংক থেকে টাকা তুলে ফেলার হিড়িক শুরু হয়েছিল। এই গুজবগুলো সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তবে এতে তাদের কোনো লাভ হচ্ছে না। আমরা গুজব নিয়ন্ত্রণে কাজ করছি।’
বিএনপির বিভিন্ন সমাবেশে গোলযোগ নিয়ে প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দেখুন, বিএনপি যেখানে সমাবেশ করে সেখানে নিজেরাই মারামারি করে, চট্টগ্রামে দুই গ্রুপ মারামারি করেছে, মারামারি করে ওদের পার্টির অফিস ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটছে। আর যে সমাবেশগুলোর মাধ্যমে তারা সরকারকে টেনে নামানোর কথা বলছে, সরকারের পদত্যাগ চাওয়া হচ্ছে, সেখানে সরকার নিরাপত্তা বিধান করছে, যাতে তাদের সমাবেশে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়। কিন্তু মাঝেমধ্যে তারাই পুলিশের ওপর চড়াও হয়।’

Comments
Comments