[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিয়েবাড়িতে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, দুই পক্ষের সংঘর্ষে আহত তরুণের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

হত্যা | প্রতীকী ছবি

প্রতিনিধি বাগমারা: রাজশাহীর বাগমারায় বিয়েবাড়িতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক তরুণের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত ওই তরুণের নাম সাজেদুর রহমান (২৮)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিলবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বারইপাড়া গ্রামের জনৈক শামসুল ইসলামের ছেলের বিয়েতে বউভাতের আয়োজন করা হয়। ওই বিয়েবাড়িতে এক স্কুলছাত্রীকে দুই কিশোর যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিয়েবাড়ির লোকজন যৌন হয়রানির সঙ্গে জড়িত ১৫ বছর বয়সী দুই কিশোরকে ধরে ফেলেন। তাদের চড়-থাপ্পড় দিয়ে আটকে রেখে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে ওই দিন রাতে অভিভাবকেরা মুচলেকা ও জরিমানা দিয়ে দুই তরুণকে ছাড়িয়ে আনেন।

এদিকে কিশোরদের শাস্তি দেওয়ার সঙ্গে যুক্ত বারইপাড়া গ্রামের আকাশ হোসেন নামের এক যুবককে গত রোববার বাইগাছা এলাকায় বখাটেরা মারপিট করেন। এই ঘটনার জের ধরে বারইপাড়া ও বিলবাড়ি গ্রামের তরুণদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় গতকাল সোমবার দুপুরে উপজেলার রাঘোপাড়া এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদুর রহমানের মৃত্যু হয়। তিনি শরীর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। সাজেদুর ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মারা গেছেন বলে পরিবারের পক্ষে দাবি করা হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, এই বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন