পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও
Home / খেলা / গোল না খাওয়ায় সেরা আর্জেন্টিনা, ৪৮ দলের মধ্যে ব্রাজিল ৪৩তম
খেলা

গোল না খাওয়ায় সেরা আর্জেন্টিনা, ৪৮ দলের মধ্যে ব্রাজিল ৪৩তম

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

1 min · 0 words · 23
যুক্তরাষ্ট্রের কানসাসে অনুশীলনে আর্জেন্টিনা দল
যুক্তরাষ্ট্রের কানসাসে অনুশীলনে আর্জেন্টিনা দল
আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২২ বিশ্বকাপ জয়ের পর এই চার বছরে লিওনেল স্কালোনির দল খেলেছেও বিশ্ব চ্যাম্পিয়নের মতোই। এবার বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের মধ্যে ‘ক্লিন শিট’ (কোনো গোল হজম না করা) ধরে রাখার হারে সবার সেরা আর্জেন্টিনা।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তের অফিশিয়াল পরিসংখ্যানভিত্তিক মাসকট ‘গাতো মেস্ত্রে’ ২০২৩ সাল থেকে এই হিসাব করেছে। এই চক্রে ৩৯ ম্যাচ খেলে ২৮ ম্যাচেই কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা; যেখানে তাদের সফলতার হার ৭১ দশমিক ৮ শতাংশ। বিশ্বকাপে খেলতে যাওয়া আর কোনো দল এই সময়ে শতকরা হারে এত বেশি ম্যাচে ‘ক্লিন শিট’ ধরে রাখতে পারেনি।

শুধু ‘ক্লিন শিট’ ধরে রাখাই নয়, ২০২৩ সাল থেকে হিসাব করলে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এই সময়ে সেরা রক্ষণভাগও আর্জেন্টিনার। ৩৯ ম্যাচে মাত্র ১৪ গোল হজম করেছে স্কালোনির দল। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের মধ্যে এই সময়ে এটাই সবচেয়ে কম গোল হজমের রেকর্ড।

মরক্কো এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই চক্রে আফ্রিকার দলটি যত ম্যাচ খেলেছে, তার মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ ম্যাচে কোনো গোল হজম করেনি। শীর্ষ পাঁচে থাকা বাকি তিন দল হলো—সেনেগাল (৫৯ শতাংশ), জাপান (৫৫ দশমিক ৮ শতাংশ) ও ডিআর কঙ্গো (৫৫ দশমিক ৬ শতাংশ)।

মরক্কো ‘ক্লিন শিট’ ধরে রাখায়ও দারুণ করেছে। এই চক্রে ৩৭ ম্যাচে তারা কোনো গোল হজম করেনি। কিন্তু আর্জেন্টিনার চেয়ে বেশি ম্যাচ খেলায় সফলতার শতকরা হারে দক্ষিণ আমেরিকার দেশটি থেকে পিছিয়ে আছেন আশরাফ হাকিমিরা। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ খেলেছে মরক্কো। এই চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলা চারটি দলের একটি তারা। বাকি তিনটি দল হলো—আলজেরিয়া (৬১ ম্যাচ), সেনেগাল (৬১ ম্যাচ) ও দক্ষিণ আফ্রিকা (৬০ ম্যাচ)।

এদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই চক্রে মাত্র ২৯ দশমিক ৭ শতাংশ ম্যাচে ‘ক্লিন শিট’ ধরে রাখতে পেরেছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এ সময়ে ‘ক্লিন শিট’ ধরে রাখার তালিকায় ৪৩তম স্থানে রয়েছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ৪২টি গোল (ম্যাচপ্রতি ১ দশমিক ১৭টি) হজম করেছে সেলেসাওরা। ৩৭ ম্যাচের মধ্যে মাত্র ১১টিতে কোনো গোল হজম করেনি তারা। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল হজম করেছে কার্লো আনচেলত্তির দল।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুশীলনে ব্রাজিল ফুটবল দল
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সের রক্ষণভাগও এই চক্রে খুব একটা ভালো করতে পারেনি। ৪০ ম্যাচের মধ্যে মাত্র ১৮টিতে ‘ক্লিন শিট’ ধরে রাখতে পেরেছে দিদিয়ের দেশমের দল। লুইস দে লা ফুয়েন্তের স্পেন ৩৮ ম্যাচের মধ্যে ১৮টিতে কোনো গোল হজম করেনি। আরেক ফেবারিট পর্তুগাল ৪৯ ম্যাচের মধ্যে ২৩ ম্যাচে ‘ক্লিন শিট’ ধরে রাখতে পেরেছে। তালিকায় এই তিনটি দলই শীর্ষ দশের বাইরে রয়েছে।
Share: Twitter Facebook

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.