পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি

ঘটনার বিষয়ে জানতে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত এই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত এই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।


শনিবার ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।


ঘটনার বিষয়ে জানতে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।


ওসি আসাদুজ্জামান বলেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় আছে। তাঁর ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্ক করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।


কে গুলি চালিয়েছে এবং কী উদ্দেশ্যে চালিয়েছে, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।


ঘটনার বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তাঁর নিজ কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।


হাতিরঝিল থানার ওসি বলেন, জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।


এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাতিরঝিল থানার পুলিশ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.