জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি: পাটওয়ারী
শুক্রবার রাত আটটার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে ‘জুলাই গড়তে পদযাত্রায়’ নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন। এনসিপির হাকিমপুর উপজেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বাংলাদেশে জুলাইয়ের যে ঐক্য হয়েছে, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি। দ্বিতীয়ত, জুলাইকে প্রথম বিকৃতও করেছে বিএনপি। তৃতীয়ত, যদি জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে কেউ গাদ্দারি করে থাকে, সেটাও প্রথম করেছে বিএনপি।
শুক্রবার রাত আটটার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে ‘জুলাই গড়তে পদযাত্রায়’ নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন। এনসিপির হাকিমপুর উপজেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে।
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি যদি ঠিক হয়, আবার বাংলাদেশে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে, সেই একই ব্যবস্থা যদি বিএনপি করতে থাকে, তাদের সঙ্গে আগামীতেও শক্ত লড়াই হবে।’
সম্প্রতি ভারতের নানা ভূমিকার সমালোচনা করে ওই পদযাত্রায় সারজিস আলম বলেন, ‘যাঁরা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, ওসমান হাদীর হত্যাকারীকে আশ্রয় দেয়, আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, খরার সময় পানি আটকে রাখে, বর্ষায় পানি ছেড়ে দিয়ে মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তাঁরা কোনো দিন আমাদের বন্ধু হতে পারেন না; তাঁরা আমাদের প্রতিবেশী হতে পারেন না।’