আটক কিশোরকে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের সন্ধানে পুলিশ, নেপথ্যে ‘জয় বাংলা’ মিছিল
ভিডিও দেখে কিশোরকে ছাড়িয়ে নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর কুড়িল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানে বের হওয়া মিছিল থেকে ধরে ফেলা এক কিশোরকে ছাড়িয়ে নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে এ মিছিলের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিছিলের সময় ছাত্রদলের পরিচয় দেওয়া এক যুবক এক কিশোরকে ধরে ফেলেন। পরে স্থানীয় বাসিন্দা পরিচয়ে কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে ওই কিশোরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ওই যুবকের সঙ্গে স্থানীয়দের তীব্র বাকবিতণ্ডা হতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং গ্যাস-বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আটক কিশোরের শার্টের কলার চেপে ধরে ওই যুবক তাকে মিছিলে আসার কারণ জানতে চাইলে সে জানায়, আড়াই শ টাকার বিনিময়ে এক বড় ভাই তাকে ছাত্রলীগের এই মিছিলে এনেছিলেন।
এ সময় ওই কিশোরকে ছাড়িয়ে নিতে এক ব্যক্তি এগিয়ে এলে নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় দেন যুবকটি। এর জবাবে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ওই ব্যক্তি তাকে লক্ষ্য করে বলেন, “আমার এলাকায় থেকে আমার পরিচয় জানতে চাও? নেতাগিরি ছুটাই দেবো একেবারে।” উপস্থিত অন্যান্যদের সহায়তায় পরে ওই কিশোরকে নিয়ে স্থান ত্যাগ করেন তাঁরা।
বিষয়টি নিয়ে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ভিডিও দেখে কিশোরকে ছাড়িয়ে নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মামলা কিংবা কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি ।