পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

শাকিরার ‘ডাই ডাই’ গানে ভাইরাল সিনথিয়া, কে তিনি

বিনোদন প্রতিবেদক ঢাকা
সিনথিয়া অমি
সিনথিয়া অমি | শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

শাকিরার গাওয়া বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’ কভার করে নেট–দুনিয়ায় আলোচনায় এসেছেন সিনথিয়া অমি। বাংলাদেশের এই তরুণী জানিয়েছেন, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ থেকে তাঁর কভার করা গানটি প্রশংসা পাচ্ছে। নেট–দুনিয়ায় আলোচিত এই গায়িকা সিনথিয়া কে?


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া অমি। তিনি মিউজিক বিভাগে পড়াশোনা করছেন। ‘ডাই ডাই’ গানটি গাওয়া প্রসঙ্গে তিনি জানান, ৭ জুন প্রথম গানটি ফেসবুকে প্রকাশ করেন। আজ শনিবার তিনি বলেন, ‘এটি বিশ্বকাপের আলোচিত একটি থিম সং। সারা বিশ্বের মানুষ এটি শুনছেন। বিভিন্ন দেশ থেকে অনেকেই গানটি কভার করেছেন। কিন্তু বাংলাদেশ থেকে আমার চোখে পড়েনি কেউ গানটি কভার করেছেন। পরে আমার মনে হলো, গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নিই। গানটি মানুষের কেমন লাগে, সেটাও জানা যাবে। এর মধ্য দিয়ে শেখার সুযোগ হবে, এটাই ইচ্ছা ছিল।’


সেই গান অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়বে, এমনটা ভাবেননি অমি। ইংরেজি ভাষার গানটি ২৩ লাখের বেশি মানুষ দেখেছেন। কীভাবে পরিকল্পনা করে গানটি প্রকাশ করলেন—এমন প্রশ্নে হেসে এই তরুণ গায়িকা বলেন, ‘আমি কোনো পরিকল্পনা করে গানটি করিনি। কেউ গানটি গাইছে না, এমনটা ভেবেই হঠাৎ করে গেয়েছিলাম। দর্শক গানটি এতটা পছন্দ করবেন, এটা ভাবিনি। পরে দেখি, সবাই অনেক প্রশংসা করছেন। আমি তো অবাক হয়ে যাই। তখন অনেকেই মন্তব্য করেন, গানটি ঠিকভাবে গেয়ে পোস্ট করলে আরও ভালো হবে।’


প্রথম ৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি পোস্ট করেন সিনথিয়া। পরে সবার মন্তব্যের পর কিছুটা প্রস্তুতি নিয়ে গুছিয়ে আবার গানটি প্রকাশ করেন এই তরুণ গায়িকা। সেটিও ভাইরাল হয়। সিনথিয়া বলেন, ‘ভেবেছিলাম, শুধু বাংলাদেশের দর্শকেরাই গানটি পছন্দ করবেন। পরে দেখি, দেশ–বিদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ। সবার এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও গান গাইতে অনুপ্রাণিত করবে।’


ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাসহ অনেক দেশের দর্শকেরা মন্তব্যে গানটির প্রশংসা করেছেন।


সিনথিয়া অমি। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

সিনথিয়া বুঝতে শেখার পর থেকেই ওয়েস্টার্ন মিউজিক শুনছেন। তাঁর পছন্দের সংগীতশিল্পীদের মধ্যে একজন শাকিরা। তিনি জানান, ছোটবেলা থেকেই শুনে শুনে দেশি–বিদেশি গান গাওয়ার অভ্যাস গড়ে উঠেছে। ভবিষ্যতে তিনি গান নিয়েই থাকতে চান।


গানে আসার গল্প বলতে গিয়ে এই গায়িকা বলেন, ‘আমার আপু গান শিখতেন। সেখান থেকেই গানের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। আমিও একসময় ভালো গান গাইতে পারতাম। মা–বাবা বিষয়টি জানার পর আমাকে গান শেখার জন্য উৎসাহ দিয়েছেন। বাংলাদেশ বেতারের চিফ মিউজিক ডিরেক্টর আতিকুর রহমান আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। সে কারণেই বাংলাদেশ বেতারের শিশুশিল্পী হিসেবে গান করেছি। এখনো নিয়মিত গান করি। গান নিয়েই আমি আমার ক্যারিয়ার এগিয়ে নিতে চাই।’


গান গাওয়ার পাশাপাশি ভবিষ্যতে গান লেখারও ইচ্ছা রয়েছে অমির। তবে আপাতত তিনি গায়কী নিয়েই এগোতে চান। সিনথিয়া জানান, এরই মধ্যে তিনি তিনটি মৌলিক গান করেছেন। গানগুলোর শিরোনাম ‘বুকটা করে হাহাকার’, ‘বসন্তের হাওয়া’ ও ‘মাধবী ফুলছায়ে’।


সবশেষে সিনথিয়া বলেন, ‘আমি নিয়মিত গান শিখছি। এখন গান নিয়েই পড়াশোনা করছি। এর আগে নজরুলসংগীত ও ক্ল্যাসিক সংগীত শিখেছি। এই চর্চা চালিয়ে যেতে চাই। আমার পরিবারের সবাই আমাকে খুবই সহায়তা করছেন। তাঁদের উৎসাহেই গান করে যেতে চাই।’

বিনোদন থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.