পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

পদ্মা সেতু পথে বাস চলাচল প্রায় বন্ধ, সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণ

এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

বিশেষ প্রতিবেদক ঢাকা
গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়
গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল গতকাল শনিবার রাত থেকে প্রায় বন্ধ রয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।


পরিবহনমালিক-শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস চলাচলের জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে। স্থানগুলো হলো গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানিয়েছে পরিবহন মালিক সমিতি।


পরিবহন খাতের সূত্রগুলো বলছে, ১৭ নভেম্বর থেকে ঝুঁকিপূর্ণ এই ছয়টি স্থানের কোনো না কোনো জায়গায় সংঘাত, গাছ ফেলে বা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে স্বাভাবিক অবস্থাতেও এই পথে বাস চলাচল কমিয়ে দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে। ওই পথে বাস পরিচালনা করে—এমন একটি কোম্পানির কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এরপর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কয়েকটি জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস চলাচল বন্ধ রয়েছে।


পরিবহনমালিক-শ্রমিক সূত্র বলছে, পদ্মা সেতু হয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার বাস চলাচল করে। মূলত বরিশাল বিভাগ, খুলনা বিভাগের কয়েকটি জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুরে এই পথে বাস চলাচল করে। অন্তত ১৫টি বড় কোম্পানির পাশাপাশি ছোট ছোট অনেক কোম্পানিও বাস পরিচালনা করে। প্রধানত ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসগুলো ছেড়ে যায়।


গোপালগঞ্জ হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করা একটি কোম্পানির স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল সন্ধ্যার পর তাঁরা ওই পথে কোনো বাস ছাড়েননি। গতকাল দিনের বেলায় ঢাকায় আসার পথে তাঁদের একটি বাস আক্রান্ত হয়। এতে বাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে কেউ কেউ সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে অল্প কিছু বাস চালাচ্ছেন।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, গোপালগঞ্জ এলাকায় কিছু ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। এসব ঝুঁকি নিয়ে বাস চালানো কঠিন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.