পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, ২ কর্মচারী অপহৃত

মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
হামলার সময় ফিলিং স্টেশনের দরজার কাচ ভেঙে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬
হামলার সময় ফিলিং স্টেশনের দরজার কাচ ভেঙে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন

খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি হননি পেট্রলপাম্পের কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কর্মচারীদের ক্যাম্পাসে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে তাদের দাবি, খোলা বোতলে তেল না দেওয়ার প্রতিবাদ করায় পাম্পের কর্মচারীরা শিক্ষার্থীদের স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে নিয়ে আসেন।


মঙ্গলবার বেলা তিনটার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পাম্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া বলেন, দুপুরে দুজন ব্যক্তি বোতলে করে অকটেন নিতে পাম্পে আসেন। কর্মচারীরা বোতলে তেল দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে নানা হুমকি দেন। এ সময় তেল নিতে আসা আরেক ব্যক্তি তাঁদের কথার প্রতিবাদ করেন। পরে তাঁরা ওই ব্যক্তিকে মারধর করেন। এরপর তাঁরা চলে যান।

শিক্ষার্থীদের হামলায় ভেঙে ফেলা ফিলিং স্টেশনের ভেতরের একটি কাচের দরজা। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: পদ্মা ট্রিবিউন

সুজন মিয়া বলেন, এর আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের ৩০ থেকে ৪০ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে পাম্পে হামলা চালায়। প্রথমে তারা কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে পাম্পের তেল সরবরাহের যন্ত্র, ক্যাশ কাউন্টার ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নেয়। এ সময় ক্যাশ কাউন্টারে থাকা ল্যাপটপ ও কর্মচারীদের কাছে থাকা তেল বিক্রির টাকা লুট করে নিয়ে যায়।


হামলায় রাসেল নামের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে ব্যবস্থাপক সুজন মিয়া বলেন, খোলা বোতলে তেল বিক্রি না করতে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তাঁরা তেল দিতে না চাইলে কর্মচারীদের মারধর করা হয়। এতে রাসেল নামের এক কর্মচারী গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মো. মিঠু ও মুসা নামের তাঁদের দুজন কর্মচারীকে ধরে নিয়ে আটকে রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: পদ্মা ট্রিবিউন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী কর্মচারীদের তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খোলা বোতলে তেল না দেওয়ার প্রতিবাদ করায় তাঁদের দুজন শিক্ষার্থীকে স্টাম্প দিয়ে মারধর করা হয়েছে। তাঁদের একজন রায়হানুল ইসলাম। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দুজন কর্মচারীকে ক্যাম্পাসে ধরে নিয়ে এসেছেন। তাঁরা পরিস্থিতি শান্ত রেখে সমাধানের চেষ্টা করছেন।


ঘটনার পর শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে হামলাকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পরামর্শ দিয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, হাসান ফিলিং স্টেশনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.