পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩

এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়ে সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়
ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়ে সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।


কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ ধরে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন এবং ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।


মামুন পাটোয়ারী জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সরে যেতে বাধ্য হন। খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ সময় পেরিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।


তাঁর দাবি, শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে এবং ভবনে থাকা মিল্টনের ছবিও নষ্ট করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন তিনি।


হামলার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।


এ বিষয়ে দুপুর ১২টার দিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, ‘কী সব বলছেন আপনি! এসব ঘটনা তো ঘটেনি। গ্রেপ্তার কোথা থেকে আসবে।’


অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, ঘটনাটি তাঁর থানা এলাকায় নয়, বরং অন্য থানার এলাকার ভেতরে পড়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.