রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হবে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
শেষ পর্যন্ত দুজন প্রার্থী থাকলে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন। তবে ওই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা।
বিগত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারও তেমনটি হবে বলে অনেকেই মনে করেছিলেন। তবে রোববার জামায়াত নেতৃত্বাধীন জোট প্রার্থী ঘোষণা করার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। এ নিয়ে সেদিন অনির্ধারিত বৈঠকও করে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।