চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ক্যাম্পাসে বয়কটের ঘোষণা দিয়ে স্লোগান দেন তাঁরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেন। সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের একজন নাফিস হাসান। তিনি চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যে রয়েছি। শিক্ষার্থীদের মতামত ও দাবি উপেক্ষা করে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অপসারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে জরুরি সাধারণ সভা করছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা চলছে। সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘সম্পূর্ণ বন্ধ’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ শিক্ষাকার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।
টানা ৩৬ দিনের ‘সম্পূর্ণ বন্ধ’ কর্মসূচি শেষে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়। তবে শিক্ষার্থীরা জানান, ক্লাস-পরীক্ষা শুরু হলেও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলবে। প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের দেওয়া তালাও এখন পর্যন্ত খোলা হয়নি। ফলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের অর্থছাড় করা, যানবাহনের বিল দেওয়াসহ নানা কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি ভর্তি পরীক্ষার আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।