সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ
এই ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরাতে হবে
রাঙামাটির সাজেকে শনিবার দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন এ কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠন দুটির নেতারা অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘জেএসএস (সন্তু লারমা) সদস্যদের সাজেকে অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে সাজেক এলাকায় ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। এই ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরাতে হবে। নয়তো আন্দোলন আরও জোরদার করা হবে।’
সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, সংগঠন দুটির উদ্যোগে গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে বিক্ষোভ ও সমাবেশ হয়। ওই কর্মসূচিতে সংগঠন দুটির নেতারা সড়ক অবরোধের ঘোষণা দেন।
জেএসএসের দাবি, ইউপিডিএফের চাপে পড়ে ওই দুটি সংগঠন এমন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির রাঙামাটি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘সাজেকে অবরোধের ডাক দিতে ইউপিডিএফ তাদের বাধ্য করেছে। সাধারণ মানুষকে কোনো ধরনের হুমকি জেএসএস দেয়নি।’
তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, দুটি সংগঠনকে অবরোধের কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। তবে সাধারণ জনগণের পক্ষে দুটি সংগঠন যে কর্মসূচির ডাক দিয়েছে, তার প্রতি ইউপিডিএফের সমর্থন থাকবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটনকেন্দ্র রয়েছে। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, শুক্রবার রাতেও সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছিলেন।
জানতে চাইলে শনিবার বেলা পৌনে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘সড়ক অবরোধের কথা শুনেছি। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে সাজেকে থাকা পর্যটকেরা বাঘাইহাটের উদ্দেশে রওনা দিয়েছেন।’