পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

এ সময় চালক ও সহকারীসহ ১০–১২ জন যাত্রী কোনো রকমে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন।

প্রতিনিধি নারায়ণগঞ্জ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা এই বাসে আগুন দেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে। ছবি: সংগৃহীত
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা এই বাসে আগুন দেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে। ছবি: সংগৃহীত | ছবি: পদ্মা ট্রিবিউন

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের দশতলা ভবন এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে ওঠেন দুই যুবক। তাঁরা বাসের পেছনের দিকের আসনে গিয়ে বসেন। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক দ্রুত নেমে যান। এর পরপরই বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চালক ও সহকারীসহ ১০–১২ জন যাত্রী কোনো রকমে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন।


শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বাসের চালকের সহকারী তানজিল বলেন, ওই দুই যুবক বাস থেকে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন যে যেভাবে পেরেছেন, দ্রুত বাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পুলিশও ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।


ওই দুই যুবকের সন্ধান চলছে জানিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পথে ছদ্মবেশে দুই যুবক বাসটিতে ওঠেন। ধারণা করা হচ্ছে, তাঁরা দাহ্য পদার্থ দিয়ে বাসটির পেছনে আগুন ধরিয়ে নেমে গেছেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস পুড়ছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছয়টি মোটরসাইকেলে করে আসা ১২ জনের একটি দল বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।


শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। বাসটি দুই–তিন মাস ধরে সেখানে পড়ে ছিল। দুর্বৃত্তরা ছয়টি মোটরসাইকেলে করে এসেছিল। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.