পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দেশজুড়ে নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, আতঙ্কে চট্টগ্রামবাসী

বিশেষ করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একের পর এক এমন ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের অন্তত ২২টি জেলায় দুই দিনের ধারাবাহিক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়েছেন। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ককটেল বিস্ফোরণ, যানবাহন ও স্থাপনায় আগুন এবং হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একের পর এক এমন ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


সবশেষ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, ফরিদপুর, দিনাজপুর, পিরোজপুর, নেত্রকোনা, মেহেরপুর, হবিগঞ্জ, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২২টি জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এর মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন ও ফরিদপুরে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনই বিএনপির নেতা। অন্যজন পিরোজপুরে বাসের সহকারী, যাঁকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।


চট্টগ্রামে সরকারি স্থাপনা, বিএনপি নেতাদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, পুলিশ বক্স, ব্যাংক কার্যালয় এবং যানবাহন লক্ষ্য করে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। গত কয়েক দিনে নগর ও জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।


বিএনপির পক্ষ থেকে এসব নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে। পুলিশও কয়েকটি ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে।


সবশেষ গত বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির কাছে রামদা, লগি ও বৈঠা হাতে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একই রাতে নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলদ্বীপ এলাকার একটি সড়কে মিছিলটি হয়। ওই সড়ক থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার। মিছিলে অংশ নেওয়া সবার মাথায় হেলমেট ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়েন।


অন্যদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যেও কীভাবে সেখানে আগুন দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পেট্রলবোমা ছুড়ে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ তা নিভিয়ে ফেলায় কেউ হতাহত হননি।


এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত একটার দিকে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেন দুর্বৃত্তরা। জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘বক্সটির জানালা বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’


একই রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি জানালার ফাঁক দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।


বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, বিষয়টি রাতে টহল দায়িত্বে থাকা রমদাশমুন্সির পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করবেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।


বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে।


একই রাতে সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়। ওই ভবনে ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ও ঢেমশা শাখা অবস্থিত। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। গভীর রাতে জানালা দিয়ে ফটকে আগুন জ্বলতে দেখে তাঁরা নিচে নেমে পানি ঢেলে আগুন নেভান। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।


ব্যাংকটির সাতকানিয়া আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি বুঝতে পেরে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রাথমিকভাবে বোতলজাতীয় কোনো বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।


গত মঙ্গলবার দিনদুপুরে নগরের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।


শামসুল আলমের অভিযোগ, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে প্রতিষ্ঠানে হামলা চালান এবং দরজার কাচ ভাঙচুর করেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকেরা তাঁদের ধাওয়া দেন। পালানোর সময় পুলিশ ধাওয়া করে সন্দেহভাজন দুজনকে আটক করে। নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।


এর আগে গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ভোর পর্যন্ত নগরের তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ ও পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাস এবং খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়।


গত ৯ নভেম্বর রাত ১২টার দিকে আনোয়ারা উপজেলার গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে যায়। একই দিন রাতে নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে তিনটি পেট্রলবোমা ছোড়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে পড়া বোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া বোমাটি ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে গেলে কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।


এদিকে এসব হামলার ছবি ও ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক হিসাব থেকে প্রচার করা হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে এগুলো প্রচার করা হচ্ছে।


চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘জ্বালাও-পোড়াও ও সন্ত্রাস আওয়ামী লীগের চরিত্র। বাস কিংবা নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে তাদের আর এ দেশে প্রতিষ্ঠা করা যাবে না। জনরোষে তারা পালিয়ে গেছে, আর ফিরতে পারবে না। প্রশাসন সজাগ আছে, জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, অগ্নিসংযোগসহ সব নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.