নাটোরে শ্রমিককল্যাণ ফেডারেশন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
নাটোরের নলডাঙ্গায় জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের স্থানীয় এক নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট নেতার দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ওই নেতার নাম আবদুল মালেক রাব্বানী (৪২)। তিনি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং একটি সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে আবদুল মালেক রাব্বানীর ছবি সংযুক্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রায় এক মিনিট আট সেকেন্ডের ওই ভিডিওটিতে সমকামিতার ঘটনা দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ফেসবুকে ‘এ আর রতন ০০৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে পুরো ভিডিওটি দেখার আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার রাত পর্যন্ত পোস্টটি শতাধিকবার শেয়ার হয়েছে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। কেউ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন, আবার কেউ কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভিডিওটির প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নিজের ফেসবুকে লিখেছেন, ঘটনা সত্যি হয়ে থাকলে অবশ্যই এর বিচার হওয়া উচিত। নলডাঙ্গা ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। শিক্ষাপ্রতিষ্ঠানের একজন প্রশিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উদ্বেগজনক।’
আবদুল মালেক রাব্বানীর দলীয় পরিচয় নিশ্চিত করেছেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
আবদুল মালেক বলেন, তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তাঁর দাবি, বিএনপির একটি পক্ষ চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। ভিডিওটি সম্পর্কে আবদুল মালেক বলেন, ‘ছবিতে আমাকে দেখা যাচ্ছে। তবে ঘরটি আমার নয়। আর ভিডিওটি এআই দিয়ে তৈরি করা বলে মনে হচ্ছে।’
How did this article make you feel?
Related Articles
বাংলাদেশ
ছাত্রলীগের মিছিলের পর নাটোরে তিন নেতার বাড়িতে ভাঙচুর
Jul 10, 2026
2 shared tags
বাংলাদেশ
নাটোরে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকার-মালপত্র চুরি
Jul 02, 2026
2 shared tags
বাংলাদেশ
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
Jun 09, 2026 · 1 min
2 shared tags
বাংলাদেশ
রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
Jul 21, 2026
1 shared tag0 Comments
No comments yet. Be the first to share your thoughts!