পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী

গোপালগঞ্জে তাঁর পৈতৃক নিবাস এবং যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে দীর্ঘদিন ধরে নেপথ্যে লবিং চালানোর অভিজ্ঞতার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
সৈয়দ মোজাম্মেল আলী
সৈয়দ মোজাম্মেল আলী | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিচয়সংক্রান্ত জটিলতা দূর করতে যুক্তরাজ্যের সারে-ভিত্তিক ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোজাম্মেল আলীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানান, গোপালগঞ্জে তাঁর পৈতৃক নিবাস এবং যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে দীর্ঘদিন ধরে নেপথ্যে লবিং চালানোর অভিজ্ঞতার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।


দীর্ঘ বছর ধরে সৈয়দ মোজাম্মেল আলী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পর্দার আড়ালে থেকে কাজ করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকার ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশনে সহায়তা করতে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানান, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চললেও কোনো আনুষ্ঠানিক পরিচয় বা দলীয় পদবি না থাকায় মূলধারার বিদেশি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে তাঁকে নিয়মিত প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছিল।


ওই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকার ও সংবাদ প্রকাশ নিয়ে যোগাযোগ করছেন এবং সব সময় পেছনে থেকে দলের হয়ে কাজ করছিলেন। কিন্তু শেখ হাসিনার পক্ষে মূলধারার গণমাধ্যমে তাঁর প্রাসঙ্গিক কোনো পরিচয় বা পদবি না থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাই গোপালগঞ্জে তাঁর বাড়ি এবং দীর্ঘ অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে এই পদে আনা হয়েছে।’


নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দ মোজাম্মেল আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে সবকিছুই বলা হয়েছে এবং নিজের পদ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।


যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, ১৯৪৯ সালের জানুয়ারিতে জন্ম নেওয়া সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ নাগরিক এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারে কাউন্টিতে থাকেন। তিনি বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই। কয়েক দশক ধরে মোজাম্মেল আলী দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি, মানবাধিকার ও বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখালেখি এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক ও ব্যবসায়ী মহলে পরিচিতি গড়ে তুলেছেন।


আওয়ামী লীগ সরকারের আমলে কূটনৈতিক মহলে তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনসহ যুক্তরাজ্যে দলটির অন্যতম প্রভাবশালী নেপথ্যের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। দলটি ক্ষমতায় থাকাকালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান হিসেবে তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার ও উন্নয়ন নিয়ে অসংখ্য সেমিনার ও নীতিনির্ধারণী আলোচনার আয়োজন করেন। এসব প্ল্যাটফর্মের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত মতামত কলামের মাধ্যমে তিনি নিয়মিত সাবেক সরকারের নীতিমালার পক্ষে অবস্থান নিতেন এবং দলের বিরুদ্ধে ওঠা আন্তর্জাতিক সমালোচনার জবাব দিতেন।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর মোজাম্মেল আলী আরও প্রকাশ্যে সামনে আসেন এবং শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিতে শুরু করেন।


গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করার পরপরই মোজাম্মেল আলীর আনুষ্ঠানিক পদবির বিষয়টি সামনে আসে। মুখপাত্র হিসেবে দেওয়া ওই বক্তব্যে তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফিরতে চান শেখ হাসিনা।


মোজাম্মেল আলী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করতে ঢাকায় বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট বা সাধারণ ভ্রমণ নথিপত্র নেই, যা তাঁর প্রচলিত উপায়ে সীমান্ত অতিক্রমের বিষয়টিকে জটিল করে তুলেছে। মোজাম্মেল আলীর যুক্তি, বিশেষ পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসনে পাঠানোর পর এখন বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিশ্চিত করা বাংলাদেশ কর্তৃপক্ষেরই দায়িত্ব।


এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা ঢাকায় তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ঢাকার সরকারি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন যে, দেশে ফিরলেই তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ফ্লাইটে নয়; বরং কেবল আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনা হতে পারে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.