[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন

প্রকাশঃ
অ+ অ-
কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা চালিয়ে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। শনিবার দুপুরে | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি আস্তানায় হামলা চালিয়ে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামে এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই আস্তানায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শামীম রেজা ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে তিনি একটি আস্তানা গড়ে তোলেন।

বিকেল পৌনে পাঁচটার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শামীম রেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য ছিল। তবে ভিডিওটি অনেক আগের। সম্প্রতি এটি নতুন করে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সেখানে হামলা চালান।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করলেও উত্তেজিত জনতার তুলনায় পুলিশের সংখ্যা কম ছিল। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উত্তেজিত জনতা তাঁকে পিটিয়ে হত্যা করেছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘এলাকার পরিস্থিতি এখন শান্ত। সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভিডিওটি কারা এবং কীভাবে নতুন করে সামনে নিয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। আমি নিজে এলাকায় যাচ্ছি, কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাব।’

২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছিল। সে সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন জেল খাটার পর মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় লোকজনের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়েছে। আজ সকাল থেকে তাঁর কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন