রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন
![]() |
| বেলুন উড়িয়ে ও কেক কেটে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের প্রশাসন ভবনের সামনে, ১ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন |
উৎসবমুখর পরিবেশে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১০টায় কলেজ প্রশাসনের উদ্যোগে এই দিনটি পালন করা হয়।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উদ্বোধনের পর বেলুন ও ফেস্টুন উড়ানো হয় এবং কেক কেটে প্রতিষ্ঠানের জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কলেজের সহশিক্ষামূলক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা এই উৎসবে শামিল হন।
উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী তাঁর বক্তব্যে বলেন, দেড় শতাব্দীর বেশি সময় ধরে রাজশাহী কলেজ একটি গর্বের নাম। এই বিদ্যাপীঠের অসংখ্য শিক্ষার্থী দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে রাজশাহী কলেজ নিরলস কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী বলেন, আমাদের প্রিয় এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস একটি গৌরবোজ্জ্বল দিন। এই বিশেষ মুহূর্তে আমি কলেজের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব মহৎ শিক্ষকদের, যাঁদের নিষ্ঠা, ত্যাগ ও পরিশ্রমের ফলে আমাদের এই প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে মর্যাদা পেয়েছে।

Comments
Comments