[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাঠদানে ফেরানো: চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ, বেকারত্বের শঙ্কা

প্রকাশঃ
অ+ অ-
শিক্ষক | প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটি অংশকে পুনরায় পাঠদান প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘শিক্ষক দল’ বা ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে সরকারের এই সিদ্ধান্তে চাকরিপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগ দেওয়া হলে নতুনদের কর্মসংস্থানের সুযোগ আরও কমে যাবে। এর ফলে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট এবং নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষার মান নিশ্চিত করতেই এই শিক্ষক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে জেলা প্রশাসকদের ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা শারীরিকভাবে সুস্থ এবং অভিজ্ঞ, তাঁদের তালিকা তৈরি করে একটি দল গঠন করতে হবে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির অনুমোদন নিয়ে ওই তালিকা থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। নিয়োগ পাওয়া এসব শিক্ষকের পারিশ্রমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে।

সারা দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে ৬০ হাজার ২৯৫টি শিক্ষকের পদ খালি রয়েছে। গত ৮ এপ্রিল জাতীয় সংসদে দেওয়া তথ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। তিনি আরও জানান, দেশে মোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কাজ করছেন।

গত বছরের ১৮ মে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশে বেকার মানুষের সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার। এর আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২৪ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ৩ লাখ ৩০ হাজার।

জরিপের তথ্য বলছে, বেকারদের মধ্যে সর্বোচ্চ ১৩ দশমিক ৫৪ শতাংশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। উচ্চমাধ্যমিক শেষ করা বেকারদের হার ৭ দশমিক ১৩ শতাংশ। আর মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করা বেকারদের হার ১ দশমিক ৯৬ শতাংশ।

চাকরিপ্রত্যাশীদের অনেকের মতে, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণে অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবার কাজে ফেরানো হলে নতুনদের সুযোগ কমে আসবে। এতে তরুণদের কর্মসংস্থানের পথ বন্ধ হওয়ার পাশাপাশি বেকারত্বের বোঝা আরও বাড়বে।

তবে শিক্ষাবিদদের মতে, শিক্ষক সংকট দূর করতে অবসরপ্রাপ্তদের যুক্ত করা একটি সাময়িক সমাধান হতে পারে। বর্তমান প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাঁরা কতটা মানিয়ে নিতে পারবেন, তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল না হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, শিক্ষক সংকট কাটাতে অবসরপ্রাপ্তদের আবার পাঠদানে ফেরানোর উদ্যোগ সাময়িক সমাধান হিসেবে দেখা যেতে পারে। এতে হয়তো দ্রুত কিছুটা সুফল পাওয়া যাবে। তবে বর্তমান শিক্ষাব্যবস্থায় তাঁরা কতটা খাপ খাইয়ে নিতে পারবেন, সেটি বড় প্রশ্ন। যদি তাঁরা বর্তমান পদ্ধতির সঙ্গে তাল মেলাতে না পারেন, তবে এর প্রভাব পুরো শিক্ষাব্যবস্থার ওপর পড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমানের মতে, এই উদ্যোগ যেন নতুন শিক্ষক নিয়োগের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেটি খেয়াল রাখতে হবে। আর অবসরপ্রাপ্তদের মধ্য থেকে নিয়োগ যেন অবশ্যই যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়। তা না হলে শিক্ষার মানোন্নয়ন না হয়ে উল্টো অবনতির আশঙ্কা তৈরি হবে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পাঠদান করানোর বিষয়টি শেখার ঘাটতি পূরণে ‘আপাতত’ একটি ব্যবস্থা হলেও এটি স্থায়ী কোনো সমাধান নয় বলে মনে করছেন প্রবীণ শিক্ষক নেতা ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। তিনি বলেন, ‘এমন উদ্যোগে আপাতত হয়তো শিক্ষক সংকট কাটবে। তবে আমার পরামর্শ হলো, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন