[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জ্বালানিসংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ২৫-৩০ শতাংশ

প্রকাশঃ
অ+ অ-
পোশাকশিল্প | ফাইল ছবি

জ্বালানিসংকটের কারণে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা ২৫-৩০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ার কারণে কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতা ২৫-৩০ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের সময় জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পণ্য পাঠানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সোমবার এই মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সাক্ষাতে এমনটাই জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান ও সহসভাপতি মিজানুর রহমান। বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজিএমইএর সভাপতি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে ক্রেতাদের আস্থা ফিরে এলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার আবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলো জ্বালানি নিরাপত্তায় এগিয়ে থাকার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানিসংকটে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নাজুক পরিস্থিতিতে পড়েছে। তিনি আরও বলেন, জ্বালানিসংকটের কারণে কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে।

বর্তমান সংকট মোকাবিলায় বিজিএমইএর সভাপতি তৈরি পোশাক কারখানাগুলোকে বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ কেন্দ্র থেকে দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করার অনুরোধ করেন। পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পের জন্য জরুরি গ্যাস-সংযোগ, শিল্পকারখানায় বিশেষ গ্যাস পরিমাপক যন্ত্র স্থাপন এবং আমদানি করা জ্বালানির ওপর সব ধরনের শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করে উৎপাদন খরচ কমানোর অনুরোধ জানান।

বিজিএমইএ নেতারা পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্পে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম আমদানিতে বিশেষ শুল্ক সুবিধার দাবি জানান। এ ছাড়া সৌর প্যানেল, বিদ্যুৎ রূপান্তরকারী যন্ত্র ও জরুরি তারের মতো যন্ত্রপাতির ওপর বিদ্যমান উচ্চ শুল্ক (২৮.৭৩ শতাংশ থেকে ৬১.৮০ শতাংশ) কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়।

বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিজিএমইএ প্রতিনিধিদলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। দেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদানের কথা বিবেচনা করে সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তাঁরা। একই সঙ্গে তাঁরা জরুরি ভিত্তিতে নিকটবর্তী জ্বালানি সরবরাহ কেন্দ্র থেকে ডিজেল সরবরাহের জন্য বিজিএমইএর দেওয়া প্রত্যয়নপত্র অনুমোদন করেন বলেও জানানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন