[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ধোঁয়ায় অসুস্থ এএলএম, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশঃ
অ+ অ-
ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী স্টেশনে আটকে আছে চট্টলা এক্সপ্রেস ট্রেন। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনটি আটকা পড়েছে। এ সময় ইঞ্জিনের ধোঁয়া থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় ট্রেনের একজন সহকারী চালক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

অসুস্থ ওই সহকারী চালকের নাম মোহাম্মদ কাওসার। রেলকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী স্টেশনে এসে পৌঁছায়। এ সময় ট্রেনের ইঞ্জিনের ছোট ছোট কক্ষের ঢাকনা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। সহকারী চালক মোহাম্মদ কাওসার ত্রুটি দেখতে কাছে গেলে ধোঁয়ায় তাঁর মুখমণ্ডল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

ইঞ্জিনে গোলযোগের কারণে ট্রেনটি স্টেশনে আটকা পড়লে ভোগান্তিতে পড়েন প্রায় ৮০০ যাত্রী। মোস্তফা কামাল নামের এক যাত্রী বলেন, ‘অনেকক্ষণ ধরে ট্রেনটি দাঁড়িয়ে আছে। পরে শুনলাম ইঞ্জিনে সমস্যা হয়েছে। এখন কখন ছাড়বে সেই অপেক্ষায় আছি।’

ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসার কথা রয়েছে। সেটি এলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ফেনী থেকে যেসব যাত্রীর এই ট্রেনে ওঠার কথা ছিল, তাঁদের অনেকেই টিকিট ফেরত দিয়ে অন্য যানবাহনে চলে গেছেন। ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

ফেনীর সিভিল সার্জন ও ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, ধোঁয়ার কারণে ওই রেলকর্মীর মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন