[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াত আমিরের এলাকায় খাদ্য বিতরণ নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিল চীনা দূতাবাস

প্রকাশঃ
অ+ অ-
‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তির’ ব্যাখা দিয়ে ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পোস্ট | ছবি: ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার পর চীনা দূতাবাস তা স্পষ্ট করেছে।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে ঢাকার চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যা প্রকাশ করে। এতে বলা হয়, রাষ্ট্রদূত গতকাল সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রচারিত কিছু কনটেন্ট বাস্তবতার সঙ্গে মিলছে না।

দূতাবাস জোর দিয়ে জানিয়েছে, চীন বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখে এবং নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় চীন সমর্থন করে। দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করতে চীন বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম ফেসবুক পোস্ট | ছবি: জামায়াতের ফেসবুক পেজ 

গতকাল সকালে মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ঈদুল ফিতর কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই সহায়তার মাধ্যমে চীন উষ্ণতা পৌঁছে দিতে চায় এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে সহায়তা করতে চায়। শফিকুর রহমানও এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, খাদ্যসামগ্রী বিতরণ বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশোধিত ফেসবুক পোস্ট | ছবি: জামায়াতের ফেসবুক পেজ 

 অনুষ্ঠানের পর জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণের তথ্য প্রকাশ করা হয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুললে চীনা দূতাবাস রাতে তাদের ফেসবুক পেজে অবস্থান ব্যাখ্যা করে। চীনা দূতাবাস জানায়, অনুষ্ঠানটি ঢাকার বাসিন্দাদের জন্য চীনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল।

এর পর জামায়াতও তাদের আগের ফেসবুক পোস্টটি সংশোধন করে। নতুন পোস্টে বলা হয়, ফুডপ্যাক বিতরণ চীনা দূতাবাসের উদ্যোগে ঢাকা–১৫ আসনের জনসাধারণের জন্য করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন