[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকার, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

প্রকাশঃ
অ+ অ-
জ্বালানি তেল কেনার জন্য ফিলিং স্টেশনের সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। রাজধানীর আসাদ গেট এলাকায়, ১৮ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান ছুটির দিনে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন নিয়ে চালকরা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করছেন। কেউ কেউ জানিয়েছেন, তারা ভোর থেকেই অপেক্ষা করছেন।

সকাল ১০টার দিকে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার ও সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, তেলের জন্য মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা অপেক্ষা করছেন। তখনও তেল দেওয়া শুরু হয়নি।

ফিলিং স্টেশনটির বিক্রয় সহকারী আরিফুর রহমান বলেন, ‘তেলের গাড়ি এসেছে। কিছুক্ষণের মধ্যে আমরা তেল দিতে শুরু করব।’ তিনি আরও জানান, তেলের কোনো ঘাটতি নেই। ‘যে যতটুকু চায়, আমরা ততটুকুই দিচ্ছি,’ যোগ করেন তিনি।

লম্বা সারিতে দীর্ঘ অপেক্ষার পর তেল নিচ্ছেন মোটরসাইকেলের চালকেরা। রাজধানীর নীলক্ষেত মোড়ে, ১৮ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন  

মোটরসাইকেল নিয়ে তেলের জন্য অপেক্ষা করছিলেন নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সকাল থেকে অপেক্ষা করছি। গাড়ি থেকে তেল পাম্পে দিচ্ছে। দেওয়া শুরু হলেই পাবো মনে হচ্ছে।’

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সোহেল রানা জানান, তেল কেবল আসছে, কিছুক্ষণের মধ্যে দেওয়া শুরু হবে। এর কিছুক্ষণ পরই ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি শুরু হয়।

জ্বালানি তেল নিয়ে বের হচ্ছিলেন আহাদ আলী। তিনি বলেন, ‘তেল যতটুকু চেয়েছি, ততটুকুই পেয়েছি। তবে লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছে।’

অন্য চিত্র দেখা গেছে মহাখালীর আমতলী এলাকার ক্রিসেন্ট অটোমোবাইলস লিমিটেড ফিলিং স্টেশনে। সেখানে শুধুমাত্র ডিজেল রয়েছে, অন্য কোনো তেল নেই। বেলা ১১টার দিকে ফিলিং স্টেশনটি বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার আরিফ হোসেন বলেন, ‘এখন শুধু ডিজেল আছে। তিনটার দিকে অকটেন আসবে, তখন আমরা দেওয়া শুরু করব।’

তেলের জন্য সড়কের পাশে সারি ধরে অপেক্ষা। রাজধানীর আসাদ গেট এলাকায়, ১৮ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন  

আরও এগিয়ে গেলে গুলশান সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে তেলের জন্য মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। বারিধারা থেকে তেল নিতে আসা সাইদুল ইসলাম বলেন, ‘ভোর পাঁচটা থেকে অপেক্ষা করছি। তিন দিন আগে একবার নিয়েছিলাম, এখন আবার নিতে হবে।’

মহাখালী রেলগেট সংলগ্ন ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে ক্রেতাদের কেবল সিএনজি দেওয়া হচ্ছে। জ্বালানি তেল কেন দেওয়া হচ্ছে না জানতে চাইলে ক্যাশিয়ার ইয়াসিন হোসেন বলেন, ‘রাতেই তেল শেষ হয়ে গেছে। তেলের গাড়ি আসছে, দুপুরের পর আমরা তেল দেওয়া শুরু করব।’

বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির সারি জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছেছে, আর মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত।

ট্রাস্ট ফিলিং স্টেশনের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন তেলের কোনো সংকট নেই। আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন