[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশঃ
অ+ অ-
 চারজনকে ধরে থানায় নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ | ছবি: পদ্মা ট্রিবিউন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গুঁড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি | ফাইল ছবি

থানা সূত্রে জানা গেছে, ওই মিছিলে ১০ থেকে ১৫ জন ছিলেন এবং তাঁদের হাতে ফুলের মালা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তিন নারী ও এক পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ বা দলটির নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

৭ মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ২৬ মার্চ স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আসার দুই সপ্তাহ আগেই তাঁর এই ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা ছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দিনটি বড় পরিসরে পালন করা হতো। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। অভ্যুত্থানের সাত মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

অভ্যুত্থানের পর বিভিন্ন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে পুলিশ তাঁদের গ্রেপ্তারও করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন