গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ
| গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বাসন থানাধীন বিটিপাড়া এলাকায় | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বাসন থানার বিটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিটিপাড়া এলাকার ম্যানেল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছেন যুবদল নেতা নাজমুলসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। হঠাৎ শনিবার সকালে সেখান থেকে ঝুট বের করতে যান মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও মান্নান। সেখানে তাঁদের বাধা দেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
ওই সময় শরীফ আজাদের অনুসারীরা পিছিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে আবারও ঝুট বের করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, ওই কারখানার ঝুট ব্যবসা এলাকার বিএনপির নেতা-কর্মীরা চালাচ্ছিলেন। এর লাভের অংশ প্রায় ৮০ জনের মধ্যে ভাগ করে দেওয়া হতো। অন্য একটি পক্ষ ঝুট বের করতে আসায় তাঁদের বাধা দেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে শরীফ আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানিয়েছেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Comments