আর রাজনীতি করবেন না ব্যালটে সিল মারা সেই আওয়ামী লীগ নেতা
![]() |
| রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগ নেতা ছাবের আহমদ | ছবি: সংগৃহীত |
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছেড়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ। তিনি জানিয়েছেন, জীবনে আর রাজনীতি করবেন না।
২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন। সেই হলফনামা স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। তবে এই পদ তিনি নিজের উদ্যোগে নেননি, বরং জেলা পর্যায়ের নেতারা তাঁকে দিয়েছেন। তিনি আরও বলেন, তিনি কখনো মিছিল-মিটিংয়ে অংশ নেননি এবং সক্রিয় রাজনীতিতেও যুক্ত ছিলেন না।
![]() |
| হলফনামা পত্রিকায় প্রকাশিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তিজনিত কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। তাই স্বেচ্ছায় ও সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন এবং এখন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না।
স্থানীয় সূত্র জানায়, ২০১৬ সালের ২৯ মে ইউপি নির্বাচনে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শৌচাগারে ঢুকে নৌকা প্রতীকে ৪০০ ব্যালটে সিল মারার সময় হাতেনাতে ধরা পড়েছিলেন ছাবের আহমদ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে বিপুল পরিমাণ ব্যালটসহ তাঁর আটক হওয়ার খবর পরদিন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবু তিনি ওই সময় চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ পান। ২০২২ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হতে পারেননি, কিন্তু নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে আবারও চেয়ারম্যান হন। ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
![]() |
| ২০১৬ সালের ২৯ মে ইউপি নির্বাচনের সময় টয়লেটে ঢুকে ব্যালটে সিল মারার সময় বিজিবির হাতে আটক হন ছাবের আহমদ | ফাইল ছবি |
ছাবের আহমদ বলেছেন, ‘আমি জীবনেও আর রাজনীতি করব না। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত—কোনো দল করব না। তবে সমাজসেবা চালিয়ে যাব।’



Comments
Comments