মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির আভাস
![]() |
| আবহাওয়া অধিদপ্তর | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশের বিভিন্ন স্থানে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই সময়ে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না এবং তা দীর্ঘ সময় স্থায়ীও হবে না। মূলত প্রাক-মৌসুমি বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ার ফলেই এই ঝড়-বৃষ্টি বা কালবৈশাখী দেখা দিচ্ছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টির ফলে এই ঝড়-বৃষ্টি হওয়া এ সময়ের একটি বৈশিষ্ট্য। আজ ঢাকার কাছাকাছি মেঘ সৃষ্টি হলেও বৃষ্টি হয়নি, তবে ঢাকার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৪৭ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির পূর্বাভাসের মাঝেই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments
Comments