ভেড়ামারায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১
![]() |
| কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার পর সেখান থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে এক চা বিক্রেতা ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার রাত নয়টার দিকে ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে দুটি মোটরসাইকেলে করে ৬ জন ব্যক্তি ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যান। সেখানে গিয়ে তাঁরা গালিগালাজ করতে থাকেন এবং উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বলের নাম ধরে ডাকেন। কয়েক মিনিটের মধ্যেই তাঁরা শটগান দিয়ে কয়েকটি গুলি ছোড়েন এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে পাশের চা দোকানদার শুকুর আলী আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আহত শুকুর আলী বলেন, ‘হট্টগোলের মধ্যে হঠাৎ শক্ত কিছু একটা থুতনিতে এসে লাগে। এরপর রক্ত বের হতে থাকে। আমি গুলির শব্দ শুনতে পাই এবং তারা ককটেলও ছোড়ে।’
স্থানীয় বালু ব্যবসায়ীরা জানান, শনিবার দিনের বেলা ভেড়ামারায় পদ্মা নদীতে বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বাহাদুরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকিপাড়া এলাকায় একটি পক্ষ অন্য পক্ষের কার্যালয় ভাঙচুর করে। এ সময় একটি বালু তোলার যন্ত্র ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই রাতে এই হামলার ঘটনা ঘটেছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলেন। তিনি এই জায়গাটি দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করেন। রাতে হঠাৎ তাঁর অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে জানিয়ে তিনি বলেন, ‘কারা এই হামলা চালিয়েছে, তাদের কাউকে চিনি না। পুলিশ এসে সব তথ্য নিয়ে গেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা অঞ্চল) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে শটগানের গুলির চারটি খোসা উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। ধারণা করা হচ্ছে, বালুঘাট নিয়ে দিনের বেলার ঘটনার সঙ্গে রাতের হামলার সম্পর্ক থাকতে পারে। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, দিনের বেলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং রাতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Comments
Comments