বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, চাঁপাইনবাবগঞ্জে ঘটনায় আরও একজন গ্রেপ্তার
| হাতকড়া | প্রতীকী ছবি |
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে
দুজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় আবদুল মালেক (৪৬) নামের আরও একজনকে
গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে আটটার দিকে চরবাগডাঙ্গা বাজার
এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর
থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মালেক মামলার
এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ
নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ জানায়,
বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত তিনজনকে আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন বজলুর রহমান, শুভ ও
মিনহাজ আলী। পরে চরবাগডাঙ্গা এলাকা থেকে ইউসুফ (৪৫) ও শাকিল (৩৭) নামের
আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ঘটনার অন্যতম মূল হোতা শরিফ উদ্দীনকেও
গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ গত রাতে আবদুল মালেককে গ্রেপ্তারের পর এই
মামলায় এখন পর্যন্ত সাতজন গ্রেপ্তার হলেন।
গত ১৪ ফেব্রুয়ারি ভোরে
সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে আবুল কালামের বাড়িতে
হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আল আমিন ও জিহাদ আলী নামের দুই
তরুণ নিহত হন। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী।
পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি ঘটে শরিফ উদ্দীনের ভাই আবুল কালামের
বাড়িতে। তদন্তে জানা গেছে, দুলাল নামের একজনের তত্ত্বাবধানে সেখানে বোমা
তৈরির কাজ চলছিল। ঘটনার পর ওই দিন রাতেই সদর থানার উপপরিদর্শক বেলাল হোসেন
বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে
মামলা করেন।
Comments
Comments