নেত্রকোনা শহরে ছাত্রলীগের কার্যালয়ে দলীয় ব্যানার
![]() |
| নেত্রকোনা শহরে আওয়ামী লীগের কার্যালয়ের তৃতীয় তলায় ছাত্রলীগের কার্যালয়ে দলীয় ব্যানার টানানো হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
নেত্রকোনা শহরে আওয়ামী লীগের কার্যালয়ের তিনতলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয়ে দলীয় ব্যানার টানানো হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা ব্যানারটি দেখতে পেলেও বেলা পৌনে ১১টার পর সেটি আর সেখানে পাওয়া যায়নি।
শহরের ছোট বাজার এলাকায় কার্যালয়ে ব্যানার টানানোর ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যানারটিতে ‘দলীয় কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা’ লেখা ছিল। ব্যানারের একপাশে শেখ মুজিবুর রহমানের ছবির সঙ্গে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখা যায়।
ব্যানার টানানোর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পথচারী ও উৎসুক জনতাও সেখানে ভিড় করেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।
তিনতলা ওই ভবনের নিচতলায় আওয়ামী লীগ এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় যথাক্রমে যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় ছিল। চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা সেখানে আগুন ধরিয়ে দেওয়ার পর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে। ওই এলাকার একজন ব্যবসায়ী জানান, সকাল ৮টার দিকে তিনি ছাত্রলীগের ব্যানারটি ঝুলতে দেখেন। ১০টার দিকেও সেটি ছিল, কিন্তু কিছুক্ষণ পর আর দেখা যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, বিষয়টি শুনে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে সেখানে যায়, তবে কোনো ব্যানার পায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে ‘দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ২০২৬’ লেখা একটি ব্যানার টানিয়ে বক্তব্য ও স্লোগান দেওয়া হয়েছিল। পরে সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Comments
Comments