[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রায়পুরায় প্রকৌশলীর ওপর হামলা

প্রকাশঃ
অ+ অ-
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে দায়িত্ব পালনকালে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটে | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় এই হামলা হয়। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিন ভাইয়ের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন প্রকৌশলী সাইফুর রহমান। আসামিরা হলেন—রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়া মেশিনঘর এলাকার ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০) ও রাফি উদ্দিন (৪৮)। তাঁদের মধ্যে আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন সোহেল মিয়া নামের এক লাইনম্যান। তখন আসামিরা তাঁকে হুমকি দিয়ে কাজে বাধা দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাইফুর রহমান। তিনি সেখানে পৌঁছামাত্রই তাঁর গাড়িচালক বাচ্চু মিয়ার ওপর হঠাৎ হামলা চালানো হয়।

একপর্যায়ে আফিল উদ্দিন লোহার রড দিয়ে সাইফুর রহমানের মাথায় আঘাত করলে তাঁর হেলমেট ভেঙে যায়। এ সময় তাঁকে বাঁচাতে গাড়িচালকসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের টাকা আসামিরা পেলেও সেখানে থাকা স্থাপনাগুলো অবৈধ হওয়ায় সেগুলোর কোনো টাকা পাননি। মূলত এই ক্ষোভ থেকেই তাঁরা হামলা চালিয়েছেন।

ঘটনার বিষয়ে লাইনম্যান সোহেল মিয়া বলেন, ‘সোমবার দুপুরে কাজ করার সময় ওই তিনজন আমাদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে আমার গলায় দা ধরে তাঁরা বলেন, রাস্তা করার জন্য সরকার তাঁদের কাছ থেকে যে জমি নিয়েছে, তার দাম তাঁরা পাননি। তাই সেখানে কোনো কাজ করতে দেবেন না। কাজ করলে আমাদের মারধর ও মেরে ফেলার হুমকি দেন তাঁরা।’

প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘ঘটনার পর আমরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মামলা করা হয়েছে।’

প্রকল্প ব্যবস্থাপক-২ মো. মাহবুব-এ-এলাহী বলেন, গত ২০ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাহমুদাবাদ এলাকায় আসামিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময়ও তাঁরা বাধা দিয়েছিলেন। সেই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তাঁরা উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা চালিয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মামলা হওয়ার পরপরই মাহমুদাবাদ এলাকা থেকে আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন