ঢাবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম
![]() |
| সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ফুল দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামকে। ১৭ মার্চ | ছবি: বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে মঙ্গলবার বিকেলে যোগ দিয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। নতুন উপাচার্য বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে উন্নীত করা এবং বিশ্বপরিসরে আরও পরিচিত করাই হবে তাঁর প্রথম কাজ।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১ (২) ধারা অনুযায়ী সোমবার অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আবদুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর উপাচার্যের দপ্তর-সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বপরিসরে আরও পরিচিত করাই তাঁর প্রথম লক্ষ্য। তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।
ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সফলভাবে দায়িত্ব পালন করায় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান নতুন উপাচার্য। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেওয়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
নবনিযুক্ত উপাচার্যকে ফুল, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Comments
Comments