সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের মোশাররফ নিহত, আধা ঘণ্টা আগেও ছেলের সঙ্গে কথা
![]() |
| মোশাররফের বাড়িতে এলাকাবাসী ও আত্মীয়স্বজনদের ভিড়। আজ সোমবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ হোসেন (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুজাত আলীর ছেলে।
গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদি আরবের আল-খার্জ এলাকার একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হামলার তথ্য নিশ্চিত করেছে। মোশারফের সঙ্গে কর্মরত প্রবাসীরা তাঁর পরিবারকে মৃত্যুর খবর জানান।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় আট বছর আগে সৌদি আরব গিয়েছিলেন মোশারফ। দুই বছর আগে তিনি শেষবার দেশে এসেছিলেন। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি।
মোশারফের নবম শ্রেণি পড়ুয়া ছেলে মাহিম জানায়, রাত সাড়ে ৮টার দিকে কথা বলার সময় বাবা তাকে ঈদের জামাকাপড় কিনে নিতে বলেছিলেন এবং পরে টাকা পাঠানোর কথা দিয়েছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরই ক্ষেপণাস্ত্র হামলায় সব শেষ হয়ে যায়। মোশারফের ছোট ছেলে মিহান মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মোশারফের বাবা সুজাত আলী আহাজারি করে বলেন, ‘ছেলের লাশটা অন্তত দেশে ফেরত চাই, যেন শেষবারের মতো তাকে দেখতে পারি।’ স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী কবরী আক্তারও এখন সরকারের সহযোগিতার আশায় আছেন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

Comments
Comments