[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চীন সফরে যাচ্ছে ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধিদল

প্রকাশঃ
অ+ অ-
চীন সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের প্রতিনিধি দল | ছবি: সংগৃহীত

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। ১১ মার্চ ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের কাছে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং।

২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সফরটি হওয়ার কথা। তবে চীনের ন্যাশনাল কাউন্সিল থাকায় নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

সফরের সময় প্রতিনিধিদলটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে পরিদর্শন করবে। এ ছাড়া পারস্পরিক বোঝাপড়া বাড়াতে চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ ও মতবিনিময় সভা করবে। চীনের উন্নয়ন ও সাফল্য সম্পর্কে জানার জন্য বিভিন্ন চিন্তন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি চীনের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সংস্কৃতি সম্পর্কে জানার জন্য সাংস্কৃতিক ভ্রমণের সুযোগও পাবেন তাঁরা।

দূতাবাস জানিয়েছে, এই সফরের ভিসা ফি ছাড়া বাকি সব খরচ—আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াত ব্যয় চীনা দূতাবাস বহন করবে।

চীনা দূতাবাসের চিঠিতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং বন্ধুত্বের নতুন সেতুবন্ধ তৈরি করা। এ ধরনের বিনিময় কর্মসূচি চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে ডাকসুর জিএস ফরহাদ বলেন, ‘চীনের এমপি ও মন্ত্রীদের একটি দলের সঙ্গে আমাদের দুটি বৈঠকের সময় ঠিক আছে। কিন্তু ন্যাশনাল কাউন্সিলের কারণে তাঁরা ব্যস্ত থাকবেন। ফলে নির্ধারিত সময়ে গেলে ওই দুটি বৈঠক মিস হওয়ার ঝুঁকি আছে। তাই তারা ই–মেইলে জানিয়েছে, সময়সূচি পরিবর্তন করতে চায়। কিছুদিনের মধ্যে নতুন সময় জানাবে।’

ফরহাদ আরও বলেন, ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে দল পাঠানো চীনা দূতাবাসের নিয়মিত কার্যক্রমের অংশ। আগে নির্বাচিত প্রতিনিধি না থাকায় বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যরা এই সফরে যেতেন। এবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস ও সম্পাদকসহ মোট ১৫ জনকে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

এই প্রতিনিধিদলে রয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন