[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যাত্রা করল ত্রয়োদশ সংসদ

প্রকাশঃ
অ+ অ-
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

সংসদ নির্বাচনের এক মাসের মাথায় যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরী ও উপাধ্যক্ষ শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই অধিবেশনে সভাপতিত্ব করছেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে যোগ দিলেন।

সংসদ নেতাসহ অধিবেশন কক্ষ যখন পরিপূর্ণ, তখনো অধ্যক্ষের আসনটি খালি ছিল। সংসদের প্রথম অধিবেশন হওয়ায় অধ্যক্ষের আসনের পাশে রাষ্ট্রপতির আসনটি রাখা হয়। সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন শুরুর জন্য একজন সদস্যকে নির্বাচনের প্রস্তাব দেন। তিনি প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করার প্রস্তাব করেন।

সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাতে সায় দিলে সরকারি দলের প্রথম সারি থেকে খন্দকার মোশাররফ হোসেন উঠে যান। এরপর সংসদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সার্জেন্ট অ্যাট আর্মস) তাঁকে অভিবাদন জানিয়ে অধ্যক্ষের আসনে নিয়ে যান।

দিনের কার্যসূচিতে প্রথমে অধ্যক্ষ এবং পরে উপাধ্যক্ষ নির্বাচনের বিষয় রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সর্বশেষ সংসদ অধিবেশন শেষ হয়েছিল ২০২৪ সালের ৩ জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন।

এরপর ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শেষে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করা হয়। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধান অনুযায়ী এই অধিবেশন আহ্বান করেন। এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশাপাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পরে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও আলোচনা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই থাকবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচন। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হবে। সবশেষে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন