[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাঁশঝাড়ে মাটির নিচে ১০ হাজার লিটার তেল, ব্যবসায়ীর জরিমানা

প্রকাশঃ
অ+ অ-
এভাবে মাটির নিচে পানির ট্যাংকে মজুত করা হয় ১০ হাজার লিটার জ্বালানি তেল। শনিবার নাটোরের সিংড়ার নিংগইন গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের ভেতর মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রেখেছিলেন রুবেল হোসেন নামের এক ব্যবসায়ী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিংড়া বাজারের ‘সততা ট্রেডার্স’-এর মালিক রুবেল হোসেন চড়া দামে তেল বিক্রির মতলব করছেন—এমন খবর পেয়ে ইউএনও আবদুল্লাহ আল রিফাত সিংড়ার নিংগুইন এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালান। সেখানে গিয়ে দেখা যায়, রুবেল হোসেন মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রেখেছেন। তৎক্ষণাৎ ওই ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেল লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

ইউএনও কার্যালয় সূত্র আরও জানায়, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লুকিয়ে রাখা তেল সিংড়া বাজারের দোকানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত দামে তা বিক্রির পরামর্শ দেওয়া হয়।

অভিযান চালানোর সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও আবদুল্লাহ আল রিফাত জানান, তেল সংরক্ষণের অনুমতি থাকলেও ওই ব্যবসায়ী সঠিক নিয়ম মানেননি। অবৈধভাবে তেল জমিয়ে রেখে তিনি বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন