[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

প্রকাশঃ
অ+ অ-
কুষ্টিয়ায় দুইপক্ষের সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। আজ রোববার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন    

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বটতৈলপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটার দিকে হওয়া এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান চালিয়েছেন। সেখান থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল হান্নান এবং একই ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত আটটার দিকে বড়িয়া ভাদালিয়াপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালায়। বর্তমানে গ্রেপ্তারের আতঙ্কে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে শওকত মন্ডল নামে একজন বাড়ির পাশের দোকানে চা পান করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, হান্নান ও সাইফুলের মধ্যে বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছে। তাঁরা প্রায়ই মারামারিতে জড়ান। আগে কয়েকবার মীমাংসা করে দেওয়া হলেও তাঁরা আবার সংঘর্ষে লিপ্ত হন। শনিবারের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন