পাথরঘাটায় বৃদ্ধা ভিক্ষুকের কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই
![]() |
| ভুক্তভোগী রাবেয়া | ছবি: পদ্মা ট্রিবিউন |
বরগুনার পাথরঘাটায় ভিক্ষা করার সময় এক বৃদ্ধার কান ও নাকের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী দুল টেনে নেওয়ার সময় ওই বৃদ্ধার ডান কান ছিঁড়ে গেছে। সোমবার দুপুরে পাথরঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাবেয়া বেগম (৬৫) পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের টাকার খাল এলাকার বাসিন্দা।
রাবেয়া বেগম জানান, দুপুরে তিনি পাথরঘাটা পৌরসভা ভবনের দিকে যাচ্ছিলেন। মডেল স্কুলের পেছনে পৌঁছালে এক কিশোর আচমকা এসে তাঁর বাঁ কানের দুল ও নাকফুল কেড়ে নেয়। এরপর ডান কানের দুলটি জোরে টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। এতে তাঁর কান কেটে রক্ত ঝরতে থাকে।
পাথরঘাটা পৌরসভার নৈশপ্রহরী বাদল হোসেন বলেন, ‘বৃদ্ধাকে কাঁদতে দেখে আমি এগিয়ে যাই। ঘটনা শুনে তাঁকে দ্রুত পাথরঘাটা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ শুরু করে।’
পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর রঞ্জন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments