নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বাজল ৭ মার্চের ভাষণ
![]() |
| জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঘণ্টাখানেক ধরে সরিষাহাটীর মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত কার্যালয় থেকে এই ভাষণ প্রচার করা হয়।
পরবর্তীতে দলটির জেলার কয়েকজন নেতাকর্মী এই ভাষণ প্রচারের ভিডিও তাঁদের নিজ নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি হ্যান্ড মাইক থেকে বঙ্গবন্ধুর ভাষণটি বাজানো হচ্ছে। তবে সেখানে মাইকটি কার নেতৃত্বে বা কখন লাগানো হয়েছে, সে বিষয়ে স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এমনকি ভাষণ চলাকালে দলের কোনো নেতাকর্মীকেও সেখানে সশরীরে দেখা যায়নি।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কে বা কারা ওই হ্যান্ড মাইকটি খুলে নিয়ে চলে যায়। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments