[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুরে পদত্যাগ করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

প্রকাশঃ
অ+ অ-
ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া পদত্যাগ করেছেন। শনিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কথা উল্লেখ করে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফারুকউজ্জামান মিয়া। একই সঙ্গে তিনি দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, তিনি জেনেছেন, ফারুকউজ্জামান মিয়া ফরিদপুরে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আগে কোনো আলোচনা হয়নি।

ফারুকউজ্জামান মিয়া ২০১৪ সালের আগস্ট মাসে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব ঠিকভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না।

ফারুকউজ্জামান বলেন, এখন থেকে নিজের এলাকার মানুষকে নিয়ে কাজ করবেন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করবেন। তিনি জনপ্রিয়তার কারণে দুবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ আগস্টের আগে তাঁর নামে কোনো মামলা ছিল না। ৫ আগস্টের পর তাঁর নামে মোট পাঁচটি মামলা হয়েছে। তবে বর্তমানে প্রতিটি মামলায় তিনি জামিনে আছেন।

সংবাদ সম্মেলনে সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অহিদুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁরা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন