[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা, সিসিটিভির যন্ত্রাংশ নিয়ে গেলেন ছাত্রদল নেতা–কর্মীরা

প্রকাশঃ
অ+ অ-
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এলাকাবাসীর অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালিয়ে টেবিল ও কাঁচের গ্লাস ভেঙে ফেলা হয় এবং ক্লোজড সার্কিট ক্যামেরার যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়া হয়। গত রোববার বেলা একটার দিকে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে ভাটরা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম কার্যালয়ে যান। কিছুক্ষণ পর উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হানের নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল সেখানে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই সময় ভিজিএফের চাল নিতে আসা কয়েক শ মানুষ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সোমবার দুপুরে এলাকাবাসী ভাটরা বাজারে বিক্ষোভ মিছিল বের করেন এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের সেবা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

ইউপি চেয়ারম্যান শেখ শামছুল আলম বলেন, ‘আমি কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলাম। তখন জহির রায়হানের নেতৃত্বে কয়েকজন এসে আমাকে গালিগালাজ করে বের করে দেয় এবং তালা ঝুলিয়ে দেয়। তারা ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেছে ও ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে গেছে।’ বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।

তবে উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের পাশে একটি কিন্ডারগার্টেনে চেয়ারম্যানের নেতৃত্বে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল বলে জানতে পারি। বিষয়টি দেখতে আমি সেখানে গিয়েছিলাম। কার্যালয়ে তালা দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এলাকার লোকজনই এটি করেছে।’

ভাটারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন 

জহির রায়হান আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ শেখকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন পরিষদে এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দলের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তবে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনার কথা তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন