চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার
![]() |
| চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের ব্রিফ করেন। ১৯ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বাংলাদেশে আজ বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই অনুযায়ী, দেশে ঈদুল ফিতর আগামী শনিবার উদ্যাপিত হবে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভার পর এই তথ্য জানিয়েছেন। ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কমিটির বৈঠক হয়।
ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। এর ভিত্তিতে দেখা গেছে, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং চাঁদ দেখা সাপেক্ষে তারিখ নির্ধারণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল হক মৃদুল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ারেছ আনসারী, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মো. ফারুক আহম্মদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ফারুক এবং জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার উপস্থিত ছিলেন।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, মাসের দৈর্ঘ্য চাঁদ দেখা অনুযায়ী নির্ধারিত হয়। যদি ২৯ রমজান শেষে চাঁদ দেখা যায়, পরদিন ঈদ উদ্যাপিত হয়। আর চাঁদ না দেখা গেলে ঈদ ৩০ রমজান শেষে পালন করা হয়।

Comments
Comments