ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার
| ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন | ছবি: সংগৃহীত |
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত শোভাযাত্রা আয়োজনের চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকার জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের হয়ে কাজ করছিলেন অধ্যাপক জামাল উদ্দীন। বুধবার ভোরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগের পক্ষে অধ্যাপক জামাল উদ্দীন ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামে একটি শোভাযাত্রা আয়োজনের চেষ্টা করছিলেন। ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন করতে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে অনুমতির আবেদনও করেন। পাশাপাশি লিফলেট তৈরি করে প্রচার চালাচ্ছিলেন। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের হয়ে প্রচার চালানো বা শোভাযাত্রা আয়োজন করা প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অধ্যাপক জামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা হিসেবে পরিচিত। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হয়েছিলেন।
Comments
Comments