নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় ‘হত্যা’
![]() |
| মো. নাহিদ সরদার | ছবি: সংগৃহীত |
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে মধ্যরাতে এই ঘটনা ঘটে।
নিহত নাহিদ নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানিয়েছেন, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়ার বিষয়ে ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।
ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পর ট্রাকচালক পাম্পের ভেতরে অবস্থান করছিলেন। রাত ২টা ১০ মিনিটে নাহিদ ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলে তার বন্ধু জিহাদকে নিয়ে নিজ বাড়ির দিকে বের হন। সিসিটিভিতে দেখা যায়, ট্রাকটি তাদের পেছনে দ্রুতগতিতে ধাওয়া করছে।
![]() |
| কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন মো. নাহিদ সরদার। শনিবার রাত দুইটার পর নড়াইল সদর উপজেলার তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনে | ছবি: সিসিটিভি থেকে সংগৃহীত |
ফিলিং স্টেশনের একজন কর্মী বলেন, হুমকি দেওয়ার পর নাহিদ বের হলে ট্রাকচালকও পাম্প থেকে বের হন। তারা এগিয়ে গিয়ে দেখেন, নাহিদের মোটরসাইকেলটি চাপা দিয়ে ট্রাকটি চলে যাচ্ছে। নাহিদ ঘটনাস্থলেই মারা যান। জিহাদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী মুঠোফোনে বলেন, নাহিদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Comments
Comments