বিউটি পারলারে যৌন কাজে বাধ্য করার অভিযোগ, মানিকগঞ্জে তরুণী উদ্ধার
![]() |
| যৌন নিপীড়ন | প্রতীকী ছবি |
মানিকগঞ্জ জেলা শহরে রূপচর্চাকেন্দ্র বা বিউটি পারলারের আড়ালে এক তরুণীকে জোর করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গত শনিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করার পাশাপাশি তিনজনকে আটক করে পুলিশ। পরে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ওই পারলারের মালিক রত্না ইয়াছমিন (৪০), তাঁর ছেলে মো. তুষার রহমান (২৪) এবং তাজনীন আক্তার ওরফে চাঁদনী (২৩) নামের এক তরুণী। এ ছাড়া মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে, যাঁরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। আহত তরুণীকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, পারলারের আড়ালে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চালিয়ে আসছিলেন রত্না ইয়াছমিনসহ কয়েকজন। ভুক্তভোগী তরুণী ওই পারলারেই কাজ করতেন। কিন্তু তাঁকে জোর করে অসামাজিক কাজে বাধ্য করতেন পারলারের মালিক ও তাঁর সহযোগীরা। গত বুধবার ভুক্তভোগী তরুণীর বাসায় তাঁর ছোট বোন বেড়াতে এলে বিষয়টি জানতে পেরে আসামিরা তাঁকে দিয়েও একই কাজ করানোর প্রস্তাব দেন। এতে ভুক্তভোগী তরুণী রাজি হচ্ছিলেন না। পরে গত দিবাগত রাত একটার দিকে তাঁর বাসায় গিয়ে চাপ সৃষ্টি করেন আসামিরা।
এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাঁকে মারধর করে জোর করে পারলারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে রড দিয়ে পেটানো হয় এবং হাত বেঁধে শিকল দিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতেও অভিযান চলছে।

Comments
Comments