[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুরে আবারও টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। গতকাল রোববার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ অন্তত শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর এলাকার আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আক্তার ও তাঁর অনুসারীরা এলাকাছাড়া ছিলেন। সম্প্রতি তাঁরা এলাকায় ফেরার চেষ্টা করলে পুনরায় বিরোধ তুঙ্গে ওঠে। এরই জেরে গতকাল রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘুটঘুটে অন্ধকারে খোলা মাঠে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ একে অপরের দিকে অবিরাম বোমা নিক্ষেপ করছে। চারপাশে ধোঁয়ার কুণ্ডলী আর দেশীয় অস্ত্রের মহড়া চলছে। সংঘর্ষে লিপ্ত ব্যক্তিদের সবার মুখমণ্ডল গামছা দিয়ে ঢাকা ছিল।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই দুই পক্ষের দ্বন্দ্ব পুরোনো। এর আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আটটি কাঁদানে গ্যাসের শেল (টিয়ার শেল) নিক্ষেপ করে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন