ঝিনাইদহে পিটুনিতে বৈষম্যবিরোধী নেতার মৃত্যু, প্রতিবাদে ফিলিং স্টেশন ভাঙচুর ও বাসে আগুন
![]() |
| কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতেই ঝিনাইদহ শহরে দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব আহমেদ (২২) নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতে দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা তিনটি বাসেও আগুন দেওয়া হয়।
এর প্রতিবাদে আজ রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের বাস টার্মিনাল এলাকা অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। পরে প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নেন।
স্থানীয় লোকজন জানান, আজ সকাল থেকে ঢাকা-ফরিদপুরগামী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন বাসশ্রমিকেরা। রাতে পুড়ে যাওয়া বাসগুলো সড়কের ওপর আড়াআড়ি করে রেখে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। এতে এই রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে গতকাল শনিবার রাত নয়টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত তাজ ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে নীরব আহমেদের মৃত্যু হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সাবেক আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।
এদিকে নীরব আহমেদ নিহত হওয়ার ঘটনায় রাতেই তাজ ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তাঁরা রাতেই তাজ ফিলিং স্টেশনের মালিকের শহরের আরাপপুর এলাকার আরেকটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালান। এ সময় টার্মিনালে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়।
![]() |
| পুড়ে যাওয়া বাস সড়কে আড়াআড়ি করে রেখে অবরোধ করেন বাসশ্রমিকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জেলা বাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি কোচে গভীর রাতে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত আগুন দিয়েছে। তারা কারা? তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমাদের নিরাপত্তা দিতে হবে, না হলে আমরা সড়কে গাড়ি চালাব কীভাবে? অতিরিক্ত পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন যে এই ঘটনায় মামলা নেওয়া হবে এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। টার্মিনাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হবে। সেই আশ্বাসে বেলা ১১টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, আরাপপুরে সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিহত হওয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করা বাসে আগুনের ঘটনাটিও ছাত্রনেতা নিহত হওয়ার ঘটনার সঙ্গেই সম্পৃক্ত বলে প্রমাণ পাওয়া গেছে। সব কটি ঘটনাতেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
তাজ ফিলিং স্টেশনের মালিক হারুন অর রশিদ বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। যুবকটিকে হাসপাতালে নেওয়ার পর তাঁকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা না থাকলেও তাঁর মালিকানাধীন সৃজনী ফিলিং স্টেশন এবং জেআর পরিবহনের একটি বাসসহ অন্য মালিকদের আরও দুটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
নিহত নীরবের সৎ বাবা হারুন অর রশীদ বলেন, ছেলেটি তাঁর কাছেই বড় হয়েছে। পরে ঝিনাইদহ শহরে খালার বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল রাতে মৃত্যুর খবর পেয়ে তাঁরা হাসপাতালে আসেন। এখন ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছেন। মরদেহ ঝিনাইদহ সরকারি কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

Comments
Comments